মাদারীপুরের কালকিনিতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১২ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে বরিশাল থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে আসে ‘ইয়েস পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে কালকিনির গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসেরই অন্তত ১৫ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালেই চিকিৎসাধীন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।