আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে নরওয়ে দূতাবাস। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নরওয়েকে সমর্থন জানাতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় ঢাকাস্থ নরওয়ে দূতাবাস বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে এই বিশেষ আহ্বান জানায়।
দূতাবাসের বার্তায় বাংলাদেশ ও নরওয়ের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে নরওয়ে অন্যতম। শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে আসছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক থেকেও বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। উভয় দেশই নদী ও উপকূলনির্ভর, আর মাছভিত্তিক খাদ্যসংস্কৃতিও দুই দেশের মানুষের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য। এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন ও ক্রীড়াক্ষেত্রে ন্যায্যতা এবং সমতার মূল্যবোধেও দুই দেশের অবস্থান কাছাকাছি।
বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা আর্লিং হালান্ডের নেতৃত্বে নরওয়ে এবার বিশ্বকাপে নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বলেও বার্তায় উল্লেখ করা হয়। দূতাবাস জানায়, জনসংখ্যায় ছোট হলেও নরওয়ে বড় স্বপ্ন দেখতে বিশ্বাস করে, যা বাংলাদেশের মানসিকতার সঙ্গেও সাদৃশ্যপূর্ণ।
বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে আবেগঘন আহ্বান জানিয়ে নরওয়ে দূতাবাস বলেছে, কী বলো, বাংলাদেশ? আন্ডারডগদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। চলো, একসঙ্গে বড় স্বপ্ন দেখি।
ফুটবল বিশ্বকাপ ঘিরে নরওয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।