মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের গায়ে নতুন মেয়াদ বসিয়ে বিক্রি, মূল্য বৃদ্ধি এবং অননুমোদিত বীজ বাজারজাতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। বিনোদপুর বাজার এলাকায় বীজের দোকান, সার ও কীটনাশক বিক্রয় কেন্দ্রসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে বিনোদপুর বাজারের মেসার্স সাহা ট্রেডার্স নামের একটি বীজ, সার ও কীটনাশকের দোকানে গুরুতর অনিয়ম ধরা পড়ে। তদারকিতে দেখা যায়, ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের গায়ের আসল মেয়াদ মুছে ফেলে সেখানে ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদের সিল ব্যবহার করে বিক্রি করা হচ্ছিল। এছাড়া ২৩০ টাকার কীটনাশক ২৮০ টাকা লেখা হয়ে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণও পাওয়া যায়।
আরও অভিযোগে জানা যায়, বিভিন্ন বেনামি কোম্পানির অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ ও কীটনাশক এনে প্রতিষ্ঠানটি নিজস্ব সিল ব্যবহার করে বাজারজাত করছিল।
অভিযান চলাকালে একাধিক কৃষক জানান, তারা ওই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. শাহীন ইসলাম, স্টাফ সদস্য কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।