বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ‘ঝটিকা মিছিল’। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আকস্মিকভাবে সংগঠিত এসব কর্মসূচি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং সরকার ও ক্ষমতাসীন রাজনৈতিক মহলেও তৈরি করেছে অস্বস্তি। বিশেষ করে নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের প্রকাশ্য লাঠি মিছিল এবং পরবর্তীতে বিরোধী রাজনৈতিক কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সরকারের উচ্চপর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে। নোয়াখালীর ঘটনায় পুলিশের ভূমিকা, গোয়েন্দা নজরদারির দুর্বলতা এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
নোয়াখালী থেকে শুরু হয় বিতর্ক : ঈদুল আজহার আগে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুরুতে পুলিশ বাধা দিলেও পরে মিছিলকারীদের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যায়। ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, যদি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করতে পারে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রশ্নই এখন সরকারের জন্য সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) ভোরের ডাক কে বলেন, আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যায়।
কেন বাড়ছে ঝটিকা মিছিল? : গত কয়েক মাসে চট্টগ্রাম, শরীয়তপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, পটুয়াখালী, নেত্রকোনা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নামে আকস্মিক মিছিলের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই মিছিলগুলো কয়েক মিনিট স্থায়ী হয় এবং অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন সাংগঠনিকভাবে কোণঠাসা অবস্থায় থাকা আওয়ামী লীগের তৃণমূলের একটি অংশ নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার কৌশল হিসেবে এই ঝটিকা কর্মসূচি বেছে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কয়েক মিনিটের একটি মিছিলও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ফলে মাঠের উপস্থিতির চেয়ে প্রচারণাগত প্রভাব অনেক বেশি তৈরি হচ্ছে।
প্রশাসনের সামনে কঠিন প্রশ্ন : নোয়াখালীর ঘটনার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পুলিশের ভূমিকা। স্থানীয় পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, সম্ভাব্য সংঘর্ষ ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতেই তারা পিছু হটেছিলেন। তবে সরকারের ভেতরে এবং রাজনৈতিক মহলে এই ব্যাখ্যা পুরোপুরি গ্রহণযোগ্যতা পায়নি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারের উচ্চপর্যায় জানতে চায় কীভাবে এত বড় সমাবেশের পূর্বাভাস গোয়েন্দা সংস্থাগুলো দিতে ব্যর্থ হলো। শুধু পুলিশ নয়, গোয়েন্দা তৎপরতা ও মাঠ প্রশাসনের সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, ঝটিকা মিছিলের রাজনৈতিক গুরুত্ব যতটা না মাঠে, তার চেয়ে বেশি প্রতীকী। যদি প্রশাসন আগাম তথ্য পেয়েও ব্যবস্থা নিতে না পারে, তাহলে সেটি সরকারের কর্তৃত্বের ওপরও প্রভাব ফেলে।
স্থানীয় নির্বাচন কি নতুন সমীকরণ তৈরি করছে? : রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় নতুন রাজনৈতিক হিসাব-নিকাশ শুরু হয়েছে। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় পর্যায়ের অনেক প্রভাবশালী ব্যক্তি নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, অনেক এলাকায় আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য ভোটব্যাংক এখনও বিদ্যমান। ফলে সম্ভাব্য প্রার্থীরা সরাসরি সংঘাতে না গিয়ে ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণ মাথায় রেখে অপেক্ষাকৃত নরম অবস্থান নিচ্ছেন। নোয়াখালীর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তার পেছনেও এই নির্বাচনী হিসাব কাজ করছে বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন যুদ্ধ : রাজনৈতিক কর্মসূচির নতুন যুদ্ধক্ষেত্র এখন সামাজিক যোগাযোগমাধ্যম। কয়েক মিনিটের ঝটিকা মিছিলের ভিডিও দ্রুত ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে। ফলে কর্মসূচির প্রকৃত সময়সীমা বা অংশগ্রহণকারীর সংখ্যা যাই হোক না কেন, এর রাজনৈতিক বার্তা মুহূর্তেই দেশজুড়ে পৌঁছে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা এখন মূলত এই ডিজিটাল দৃশ্যমানতাকেই কাজে লাগানোর চেষ্টা করছে। প্রশাসন পৌঁছানোর আগেই কর্মসূচি শেষ করে ভিডিও ছড়িয়ে দেওয়ার কৌশল অনেক ক্ষেত্রে কার্যকরও হচ্ছে।
বিএনপির জন্যও সতর্কবার্তা : ক্ষমতাসীন রাজনৈতিক বলয়ের অনেক নেতার মতে, এসব ঘটনা শুধু প্রশাসনের জন্য নয়, বিএনপির জন্যও সতর্কবার্তা। দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ধরে নেওয়ার যে ধারণা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঝটিকা মিছিলগুলো তা নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, কোনো রাজনৈতিক শক্তিকে পুরোপুরি অদৃশ্য ধরে নেওয়া সবসময়ই ঝুঁকিপূর্ণ। মাঠে না থাকলেও সাংগঠনিক নেটওয়ার্ক ও সমর্থকভিত্তি থাকলে তারা সুযোগ পেলেই দৃশ্যমান হওয়ার চেষ্টা করবে।
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ : এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনও নতুন বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রার্থীদের ঘোষণা দিতে হবে যে তারা নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেওয়ার সুযোগও রাখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিধান কার্যকর হলে আওয়ামী লীগের অনেক স্থানীয় নেতা নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে জটিলতার মুখে পড়তে পারেন। ফলে ঝটিকা মিছিলের মাধ্যমে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার প্রবণতা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে, দেশের রাজনৈতিক মাঠ এখনও পুরোপুরি স্থির হয়নি। প্রশাসনের কড়াকড়ি, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক পুনর্বিন্যাসের মধ্যেও বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। নোয়াখালীর ঘটনা হয়তো একটি জেলার সীমাবদ্ধ ঘটনা, কিন্তু এর রাজনৈতিক অভিঘাত জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর থাকবে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। পুলিশের ভূমিকা তদন্তে কী বেরিয়ে আসে, প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না এবং ঝটিকা মিছিলের ধারাবাহিকতা কতদূর গড়ায়, সেই উত্তরই নির্ধারণ করবে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া এই নতুন সমীকরণের ভবিষ্যৎ। একদিকে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার চ্যালেঞ্জ, অন্যদিকে মাঠে পুনরায় দৃশ্যমান হওয়ার চেষ্টা, এই দুই বাস্তবতার মধ্যেই বাংলাদেশের রাজনীতি প্রবেশ করেছে নতুন এক অনিশ্চিত অধ্যায়ে।