পাবনা শহরে ছেলের সামনে হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় তার মাদ্রাসাপড়ুয়া ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিল।
নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকার বাসিন্দা এবং স্থানীয় জামেয়া আশরাফিয়া মাদরাসার একজন স্টাফ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ছেলেকে মাদরাসায় পৌঁছে দিতে সন্ধ্যায় সেখানে যান হোসেন আলী। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।