সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রম আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে আগ্রাবাদ সিএন্ডএফ কার্যালয়ে একটি অস্থায়ী সেবা বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ বিষয়ে অনুরোধ জানান। ব্যবসায়ীদের ভোগান্তি লাঘবে মেয়র তাৎক্ষণিকভাবে ইতিবাচক সিদ্ধান্ত দেন এবং দ্রুত সময়ের মধ্যে বুথ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎকালে সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, প্রতি বছর বিপুল সংখ্যক সিএন্ডএফ এজেন্টের ট্রেড লাইসেন্স নবায়নে বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় সময়ক্ষেপণ হয়। আগ্রাবাদস্থ সিএন্ডএফ ভবনে চসিকের একটি অস্থায়ী বুথ স্থাপন করা গেলে সুশৃঙ্খল পরিবেশে দ্রুত ও সহজে সেবা প্রদান সম্ভব হবে।
ব্যবসায়ীদের এই যৌক্তিক ও জনবান্ধব প্রস্তাবে সাড়া দিয়ে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন এ সময় বলেন, দেশের অর্থনীতিতে সিএন্ডএফ এজেন্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রবেশদ্বার হিসেবে কাজ করছে, আর এই প্রবেশদ্বার সচল রাখতে সিএন্ডএফ এজেন্টরা নিরলসভাবে কাজ করছেন। তাই ব্যবসায়ী সমাজকে কোনো ধরনের প্রশাসনিক জটিলতায় ভোগান্তিতে ফেলা উচিত নয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দ মেয়রের দ্রুত সিদ্ধান্ত ও ব্যবসাবান্ধব উদ্যোগের প্রশংসা করে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা সারোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এস এম ফরিদুল আলম, সহকারী কাস্টম বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম, নির্বাহী সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মাহবুবুর রহমান সাগর প্রমুখ।