সিলেট মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত মাসব্যাপী বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, গত মে মাসজুড়ে পরিচালিত বিভিন্ন অভিযানে গ্রেপ্তারকৃতদে মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ৪২ জন ছিনতাইকারী, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি এবং ৯০ জন হকার রয়েছেন।
একই সময়ে মহানগরের ছয়টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ১৭৮টি মামলার নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি কেরু মদ, ১ কেজি গাঁজা, ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজা গাছ।
চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩ হাজার ৫৭১ পিস ভারতীয় চকলেট, ১০ হাজার ৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি অবৈধ চা-পাতা, ৪৮০ পিস কিও কারপিন অলিভ অয়েল, ২ হাজার ১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস ভারতীয় বেঞ্জু, ৬০০ পিস চিপস, ৭ হাজার ৬০০ পিস তারাবাতি, ৩ হাজার পিস হাইড্রো বোম্ব, ৬ হাজার ৪৮০ পিস কাভিরি মেহেদী, ১৪৭ কেজি পুস্তুদানা এবং ১৬২ পিস ভারতীয় কম্বল।
এদিকে এসএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে। পাশাপাশি বিকাশ প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দেওয়া হয়েছে।
এসএমপির এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।