চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বাসার লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয়দের ভাষ্য, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। এতে বহু পরিবারের আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর জানান, অগ্নিকাণ্ডে ১২ থেকে ১৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।