পঞ্চগড়ের আটোয়ারীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় নাগরিক সমাজের আয়োজনে ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারীর কৃতি সন্তান ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।
সাবেক ছাত্রনেতা মুক্তারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী, ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈম মোঃ তৌহিদুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ ইউনুস আলী খাঁন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ আতাউর রহমান এবং শিক্ষার্থী মোঃ আকাশ আনসারি।
বক্তারা বলেন, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর মতো একজন গুণী ব্যক্তিত্বকে উপাচার্যের দায়িত্বে পাওয়ায় আটোয়ারীবাসী গর্বিত।
উল্লেখ্য, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন ১৯৬৪ সালের ৫ জানুয়ারি আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নের কাঁটালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। পরে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি দীর্ঘ ২৯ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে শিক্ষকতা করছেন। এছাড়াও শিক্ষা ও সংস্কৃতির বিকাশে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই ড. ইসরাফিল শাহীনকে নিয়ে বৃহৎ পরিসরে গণসংবর্ধনার আয়োজন করা হবে।