নরসিংদীর মাধবদী বাজারে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে এই অভিযান চালানো হয়। নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নির্দেশে ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী বাজারে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়-বিক্রয়, সংরক্ষণ এবং মজুদের বিরুদ্ধে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাজারে খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল ক্রয়-বিক্রয় চলছিল। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ জাল ব্যবসায়ী বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এসময় ৩ জন জাল বিক্রেতা ও সংরক্ষণকারীকে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আটককৃত ৩ জনের নিকট থেকে সর্বমোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরবর্তীতে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জালগুলো মাধবদীর কোতোয়ালিরচর বিলপাড় সড়কের পাশে লোকসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে নরসিংদী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।