চট্টগ্রামের পটিয়ায় রেললাইনে উঠে পড়া একটি মিনি কভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়েছে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। সোমবার বিকেলে উপজেলার চক্রশালা এলাকায় মংলাপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুস সালাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গেটবিহীন একটি রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় মিনি কভার্ড ভ্যানটি রেললাইনের ওপর উঠে যায়। এ সময় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস সেখানে পৌঁছালে ট্রেনটি ভ্যানটিকে ধাক্কা দেয়।
ধাক্কার পর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আবদুস সালাম বলেন, সোমবার চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোকাল ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকায় এ দুর্ঘটনার কারণে রেল চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।
লাইনচ্যুত বগিটি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর গেটবিহীন রেলক্রসিংয়ে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।