হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে দীর্ঘদিন ধরে প্রকট আকার ধারণ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংকট। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই চা বাগান প্রায় সাড়ে ৪ হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে বসবাস করেন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ। অথচ এত বড় জনগোষ্ঠীর শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য রয়েছে মাত্র একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্থানীয়দের অভিযোগ, একটি বিদ্যালয় দিয়ে বিপুল সংখ্যক শিশুর শিক্ষার চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। ফলে অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না এবং প্রাথমিক শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।
সুরমা চা বাগানটি শাহজাহানপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বিভক্ত। স্থানীয় জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে এখানে আরও দুই থেকে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে চা শ্রমিক পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ অনেক বাড়বে।
মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, বাগানটিতে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম জানান, অতীতেও এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। নতুন করে আবারও অধিদপ্তরে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চৌধুরী বলেন, এত বিপুল শিক্ষার্থীর চাপ সামাল দেওয়া একটি বিদ্যালয়ের পক্ষে কঠিন হয়ে পড়ছে। নতুন বিদ্যালয় স্থাপন করা হলে শিক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে এবং চা শ্রমিক পরিবারের শিশুরা উপকৃত হবে।