অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, টয়লেট ব্যবহারের পর হাত না ধুয়ে খাদ্য প্রস্তুতসহ নানা অনিয়মের অভিযোগে মাগুরায় একটি মিষ্টির প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সৈয়দ আতর আলী রোড ও পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মিষ্টির দোকান, মশলার দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় “রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার” নামে একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, পূর্বে সতর্ক করার পরও প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল।
তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানের কর্মচারীরা স্বাস্থ্যবিধি না মেনে কাজ করছিলেন। এমনকি টয়লেট ব্যবহারের পর সঠিকভাবে হাত না ধুয়েই খাদ্য প্রস্তুতের কাজ করছিলেন। এছাড়া মিষ্টিতে পোকামাকড়ের উপস্থিতি, মাকড়সার জাল ও ময়লাযুক্ত র্যাকে খোলা মিষ্টি সংরক্ষণ, একই ফ্রিজে খোলা ছানার সঙ্গে বাসি ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি রাখা এবং মিষ্টিতে অননুমোদিত রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সঞ্জয় সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পুনরায় সতর্ক করা হয়।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ভোক্তা অধিকারবিরোধী অপরাধে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে পুরাতন বাজার এলাকায় মশলা ও অন্যান্য পণ্যের দোকান তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে মশলার দাম বৃদ্ধি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি না করা এবং অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সুমন অধিকারী, মো: রবিউল ইসলাম, মো: ফয়েজুল কবীর এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।