কোনো প্রকার ঘুষ, তদ্বির বা দালাল চক্রের সহযোগিতা ছাড়াই মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে ভোলা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই চাকরি পেয়ে আনন্দে আত্মহারা গরিব ও মধ্যবিত্ত পরিবারের এই যোগ্য প্রার্থীরা।
সোমবার (১৮ মে) রাতে ভোলা জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শারীরিক সক্ষমতা, লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতমদের বেছে নেওয়া হয়েছে। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, নির্বাচিতদের মধ্যে সিংহভাগই অত্যন্ত সাধারণ এবং দরিদ্র পরিবারের সন্তান। যাদের অনেকেরই ডাল-ভাত খাওয়ার মতো নুন আনতে পান্তা ফুরানোর দশা, তারা আজ দেশের গৌরবময় পুলিশ বাহিনীর সদস্য।
ফলাফল ঘোষণা শেষে ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম বার বলেন, আমরা শুরু থেকেই অঙ্গীকারবদ্ধ ছিলাম যে, একটি টাকাও কাউকে বাড়তি দিতে দেবো না। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে। যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা তাদের নিজেদের যোগ্যতায় এসেছেন।
আমি আশা করি, মাত্র ১২০ টাকায় চাকরি পেয়ে তারা যেভাবে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন, তেমনি আগামী দিনে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রেখে ভোলার নাম উজ্জ্বল করবেন।