প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তিতে পৌঁছেছেন। একাধিক উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শনের উদ্দেশ্যে শনিবার (১৬ মে) তিনি সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হন।
চাঁদপুরে পৌঁছানোর আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর আড়াইটায় তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানস্থলে পৌঁছান।
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সদর উপজেলার ঘোসাহাট এলাকায় বিশ্বখাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সমাবেশে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী চাঁদপুর-কুমিল্লা সড়কের দু পাশে জড়ো হয়েছেন।
বিকালে চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সরকারি এই সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তার এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।