হবিগঞ্জের লাখাই থানার পুলিশ পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মানিক সাহা, আবু কাউছার, বিপুল চন্দ্র দেবনাথ, ময়নাল হোসেন খান, প্রণয় কুমার সরকার, মুন্না মিয়া, অরবিন্দু এবং এএসআই আব্দুল হাকিম, ওয়াসিম ও আব্দুস ছালামের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাটিহারা গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে আজি রহমানকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া নিয়মিত মামলার আসামি পূর্ব সিংহগ্রামের মৃত সবুজ আলীর ছেলে গোলাম হোসেন (৬০), মোড়াকরি গ্রামের কদর আলীর ছেলে তোফাজ্জুল হোসেন (২৬), মৃত ছুর রহমানের ছেলে গোলাপ মিয়া (২৬) এবং মৃত আব্দুল খালেকের ছেলে ইসমাইল হোসেন গাজীকে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আজি রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আসামিদের হবিগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক, জুয়া ও পলাতক আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।