রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী জ্যোতিন বোদ্যিরপাড়া এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের কালিতলা গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে দিকে উপজেলার উজানচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলতদিয়া পরশউল্লাহ পাড়া এলাকার আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) এবং তাঁদের চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। পরিবারের দাবি, গত ৪ মে চর দৌলতদিয়া হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে কুলখানিতে যাওয়ার পর থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালিতলা গ্রামের একটি পুকুরপাড় থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে মাঠে কাজ করা কয়েকজন কৃষক সেখানে যান। এ সময় মাটির নিচ থেকে মানুষের একটি পা বের হয়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে প্রথমে শিশুটির এবং পরে নারীর লাশ উদ্ধার করে।
উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খবির হোসেন জানান, ঘটনাস্থলটি গোয়ালন্দ উপজেলার সীমান্তঘেঁষা এলাকা। পুকুরটি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আনছারডাঙ্গী গ্রামের বাসিন্দা হাকিম উল্লাহর।
পুলিশ জানায়, ঘটনাস্থলটি রাজবাড়ী নাকি ফরিদপুর জেলার মধ্যে পড়েছে, তা নিশ্চিত হতে দুই জেলার পুলিশ কাজ করছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।