দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) ভোরে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার ছেলে কাবিল (৩২)।
জানা গেছে, কাবিল ছিলেন শহিদুল ইসলামের প্রথম স্ত্রীর সন্তান। অভিযুক্ত সাকিব (১৮) ও সাদিকুল (৩০) দ্বিতীয় স্ত্রীর ছেলে এবং ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর জমির ফসল দুই পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেন শহিদুল ইসলাম। তবে ভুট্টা ক্ষেতের ভাগাভাগি নিয়ে নতুন করে বিরোধের সৃষ্টি হয়।
মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সাকিব ও সাদিকুল লোহার রড দিয়ে শহিদুল ইসলাম ও কাবিলের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত কাবিলকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।