বাংলাদেশের নতুন কোচের নাম শোনার অপেক্ষা বেড়েই চলেছে। ১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এখনো কারও নাম চূড়ান্ত করতে পারেনি বাফুফের জাতীয় দল কমিটি। চলছে সাক্ষাৎকার প্রক্রিয়া। কোচ হওয়ার দৌড়ে থাকা অন্যতম আলোচিত প্রার্থী, নেইমারের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল ।
হামজা-শমিতদের কোচ হতে আবেদন করেছেন নেইমারের গুরুখ্যাত ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেল। বাফুফের সংক্ষিপ্ত তালিকায়ও আছেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নিতে ২৫-৩০ হাজার ডলার (৩০-৩৬ লাখ টাকা) বেতন চেয়েছেন। তবে দরকষাকষি করতেও রাজি আছেন ৫৭ বছর বয়সী এই কোচ।
এমনটাই জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন। আজ বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘কোচদের কিন্তু এখনো সাক্ষাৎকার চলছে। তিন দিনের যে কথা হয়েছে মনে হয় আরও দুই একটা দিন লাগবে। কারণ একটা কোচের সাক্ষাৎকার হয়তো ৩০, ৪০, ৪৫ মিনিট লাগে। হয়তো একেকদিন দুজন তিন জন করে সাক্ষাৎকার নিচ্ছি।’
কোচ নিয়োগে বাফুফে এখনো বাজেট ঠিক করেনি বলে জানান হিল্টন। তিনি বলেন, ‘না এটা আমরা এখনো ঠিক করিনি। জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে। কাজের অভিজ্ঞতা, তারপর ওনার প্রো-লাইসেন্স, তারপর ন্যাশনাল টিমে কাজ করছে কোথায় কোথায় কাজ করছে এই জিনিসগুলো সামনে রেখেই আগাচ্ছি।’