বিশ্বকাপে স্বপ্নের যাত্রা শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালে। তবে দেশে ফিরেই রাজকীয় অভ্যর্থনা পেয়েছে নরওয়ে ফুটবল দল। রাজধানী অসলোতে হাজারো সমর্থকের ভালোবাসা আর রাজপরিবারের উপস্থিতিতে বীরের মর্যাদায় সংবর্ধনা দেওয়া হয়েছে আরলিং হালান্ডদের।
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলে নতুন ইতিহাস গড়েছে নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউট পর্বে ওঠার পর শেষ ৩২-এ আইভোরি কোস্টকে বিদায় করে তারা। এরপর শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমকগুলোর একটি উপহার দেয় হালান্ডের দল।
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত নৈপুণ্য দেখানো নরওয়ে দলের দেশে ফেরাও ছিল ব্যতিক্রমী। দলের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অসলো পর্যন্ত খেলোয়াড়দের বহনকারী বিমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসে নরওয়েজিয়ান সামরিক বাহিনীর যুদ্ধবিমান। বিমানবন্দরে অপেক্ষা করছিল উৎসুক সমর্থক ও বিশেষ সংবর্ধনার আয়োজন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের রাজপরিবারের সদস্যরাও। বিশ্বকাপজুড়ে আলোচিত ভাইকিং-স্টাইলের উদযাপনে অংশ নেন ক্রাউন প্রিন্স হাকোন। অধিনায়ক মার্টিন ওদেগার্ড ও আরলিং হালান্ডের মতো ঢোল বাজিয়ে উৎসবের সূচনা করেন তিনি, যা উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।
পরে খোলা ছাদওয়ালা বাসে শহরজুড়ে শোভাযাত্রা করেন হালান্ড-ওদেগার্ডরা। রাস্তার দুই পাশে জড়ো হওয়া হাজারো সমর্থকের শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন ফুটবলাররা।
নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয় কোয়ার্টার ফাইনালে। মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা। তবু দীর্ঘদিন পর বিশ্বকাপে ফিরে দলের ঐতিহাসিক সাফল্য নরওয়ের ফুটবলপ্রেমীদের কাছে গর্বের উপলক্ষ হয়ে থাকল।