বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের এই উইঙ্গার বলেছেন, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, কোনো দলকেই ভয় পান না তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের উচ্ছ্বাসের কথা জানান বার্সেলোনার ১৯ বছর বয়সী এই ফুটবলার।
সোমবার ১৯ বছরে পা দেওয়া ইয়ামাল বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা সবাই দারুণ রোমাঞ্চিত, বিশেষ করে আমি। আমি নিশ্চিত, এটি একটি বিশেষ দিন হতে যাচ্ছে।’
জন্মদিনের উপহার হিসেবে কী চান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফ্রান্সকে হারিয়ে নিউইয়র্কে বিশ্বকাপের ফাইনালে ওঠাই হবে আমার সবচেয়ে বড় উপহার।’
বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। চলতি আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। এই সময়ে ফরাসিরা ১৬ গোল করেছে এবং হজম করেছে মাত্র দুটি।
তবে ফ্রান্সের শক্তি নিয়ে চিন্তিত নন ইয়ামাল। তিনি বলেন, ‘অবশ্যই আমি ফ্রান্সকে ভয় পাই না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তাই কোনো দলকেই ভয় করি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলেও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। ফ্রান্সের আক্রমণভাগ শক্তিশালী হওয়াটা আমাদের জন্য খারাপ কিছু নয়, বরং এটি ইতিবাচক হতে পারে। আমার মনে হয়, ম্যাচটি খুবই সমানে সমান হবে।’
চোট কাটিয়ে ফিট হয়ে পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন ইয়ামাল। চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে তার গোলসংখ্যা একটি।
নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার বিষয়ে ইয়ামাল বলেন, ‘আপনারাই বলেন আমি সেরা ছন্দে নেই, তাই আমার কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। তবে আমি আত্মবিশ্বাসী, সবকিছু ভালো হবে। গোল করা নিয়ে আমি চিন্তিত নই। যদিও এমন ম্যাচে গোল করা সবসময়ই বিশেষ কিছু। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং সে কারণেই এখানে আছি।’
চাপ অনুভব করেন কি না—এমন প্রশ্নে ইয়ামাল বলেন, ‘আমি কোনো চাপ অনুভব করি না। আমি যেভাবে খেলতে জানি, সেভাবেই খেলি এবং দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। যখন নিজের সবটুকু উজাড় করে দাও, তখন আর চাপ অনুভব হয় না।’