লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরা এসব বাংলাদেশির বেশিরভাগই অনিয়মিতভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারী চক্রের সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে অনেকে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন।
এছাড়া প্রত্যাবাসিতদের কয়েকজন অভিযোগ করেছেন, লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। প্রয়োজনীয় সহায়তা ও প্রাথমিক সেবাও প্রদান করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।