তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: টাকা ও স্বর্ণালংকার লুট
তালতলী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৪৫ পিএম (ভিজিটর : ১৪)
বরগুনার তালতলীতে মঙ্গলবার সন্ধ্যার পরে ঝড়ের সময় এক বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা ২ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণ লুট করে নির্বিঘ্নে পালিয়ে গেছে।
জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বথিপাড়া গ্রামের আব্দুল লতিফ জমাদ্দারের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যার পরে বৈশাখী ঝড়ের সময় ৮ সদস্যের এক ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় প্রচন্ড বৈশাখী ঝড় চলছিল। ডাকাতরা পলিথিন কাগজের কথা বলে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিক লতিফ জমাদ্দার পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব রয়েছেন। তার স্ত্রীও রয়েছেন ঢাকায়। এ সময় ঘরে ছিলেন লতিফ জমাদ্দারের ছোট ছেলে আজিম জমাদ্দার (১৭), মেজ ছেলের স্ত্রী ও তার বৃদ্ধ মা। তাদেরকে মারধর করে ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষ টাকা ডাকাতরা নিয়ে পালিয়ে যায়।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।