তারেক রহমান জুলাই সনদের পক্ষে এবং এর প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শুক্রবার (৩ এপ্রিল) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, আমরা জুলাই সনদে ‘হ্যাঁ’ এর পক্ষে। আমরা সেটি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এ লক্ষ্যেই বিএনপি কাজ করছে।
তিনি বলেন, তারেক রহমান চায় দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সোজা হয়ে দাঁড়াক। জনগণের স্বাধীনতা আর সুশাসন নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। সংবিধান জামায়াতের পরাজয়ের দলিল, তাই ছুঁড়ে ফেলতে চায়।
এ সময় স্বাধীনতাকে অরক্ষিত রেখে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিলেন বলে মন্তব্য করেন নুরুল ইসলাম। বিবিসির সাংবাদিক সিরাজের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সিরাজের বলা ৩ লাখ শহীদকে শেখ মুজিব ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন।
মুজিব বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরে চিফ হুইপ বলেন, তারা খুবই নৃশংস ছিল। বাবা-মায়ের সামনে সন্তানকে হত্যা বা বাবার হাতে কুড়াল দিয়ে ছেলের মাথা বিচ্ছিন্ন করার মতো ঘটনাও ঘটেছে। যুবলীগের নেতাকর্মীদের লাইসেন্স ছাড়া অস্ত্র তুলে দেওয়া হয়েছিল।
খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই বিএনপিকে ১৭ বছর ভুগতে হয়েছে বলে মন্তব্য করেন নুরুল ইসলাম। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেন। তার খাল খনন কর্মসূচির ফলে ৩ বছরের মাথায় খাদ্য সংকট দূর হয়েছিল। বর্তমানে তার সন্তান তারেক রহমানও একই পথে হাঁটছেন এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন।
চিফ হুইপ আরও বলেন, তারেক রহমান একজন সাশ্রয়ী মানুষ। তিনি নিজের অফিসে সেন্ট্রাল এসি চালান না এবং রাত ৩টায় ফোন করলেও তাকে পাওয়া যায়। তারেক রহমান কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন।