সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আরো মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তার আইনজীবী মোসাম্মৎ খাইরুন্নেসা।
সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।
রায়ের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, ঈদের আগে দাখিল করা জামিন আবেদনের পর আদালত রুল জারি করেছিলেন। সোমবার সেই রুল যথাযথ ঘোষণা করে তিনটি মামলায় মমতাজ বেগমকে জামিন প্রদান করা হয়েছে।
অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ হোসেন লিজা জানান, হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবে।
উল্লেখ্য, গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে একটি মামলায় চার দিনের রিমান্ড শেষে ১৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।