কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত জটিলতায় অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার পর সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে আবারও মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে দুপুরে তাঁকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়।
সোমবার (২৯ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিসিন বিভাগে তার চিকিৎসা সম্পন্ন হয়। চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ডা. দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।