জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। তিনি দলের অভ্যন্তরীণ গ্রুপিং এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক সংশ্লিষ্টদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে শেখ রেজওয়ান বলেন, রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃত্বে এমন ব্যক্তিদের আনা হয়েছে, যারা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। বরং জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই নেতৃত্বে জায়গা পেয়েছেন, যা একটি নতুনধারার রাজনৈতিক দলের জন্য হতাশাজনক।
জেলা কমিটির অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, সদস্যসচিব পদ নিয়ে জটিলতা দীর্ঘদিন ধরে চলছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় এরশাদ হোসেনকে ওই পদ থেকে সরানো হলে নিয়ম অনুযায়ী সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, নিজে জেলা কমিটির ১ নম্বর যুগ্ম সদস্য সচিব হওয়া সত্ত্বেও গ্রুপিংয়ের কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়নি এবং দীর্ঘদিন ধরে পদটি শূন্য রাখা হয়েছে। পাশাপাশি দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে মতবিরোধের জের ধরে তাকে নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জেলা কমিটির আহ্বায়ক আল মামুনের সমালোচনা করে শেখ রেজওয়ান বলেন, দলে শৃঙ্খলার অভাব, গ্রুপিং এবং বিভাজন চরম আকার ধারণ করেছে। বিভিন্ন দলের লোক দলে যুক্ত হওয়ায় সংকট আরও গভীর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।