চব্বিশের স্পিরিট ধরে রাখতে গণঅভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত

সাইদুল ইসলাম

রাজনীতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং প্রথম সারির

2026-02-10T12:28:02+00:00
2026-02-10T12:32:46+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
চব্বিশের স্পিরিট ধরে রাখতে গণঅভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত
বিশেষ সাক্ষাৎকারে নাসীরুদ্দীন পাটওয়ারী
সাইদুল ইসলাম
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ১২:৩২ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং প্রথম সারির জুলাই যোদ্ধা মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন করছেন।  সম্প্রতি দৈনিক ভোরের ডাকের সাথে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি। কথা বলেছেন ২৪ এর গণঅভ্যুত্থান নিয়ে। তার সুস্পষ্ট বক্তব্য, গণঅভ্যুত্থান না হলে আমিসহ প্রথম সারির জুলাই যোদ্ধারা হয় জেলে না হয় আমাদের হত্যা করে কবরে পাঠানো হতো। বিজয়ী হলে তার নির্বাচনী এলাকাকে চাঁদাবাজমুক্ত, নিরাপদ, সেবামুখী ও বাসযোগ্য করে গড়ে তোলার কথা বলেছেন তিনি। তার মতে, চব্বিশের স্পিরিট ধরে রাখতে গণঅভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত। নিরাপত্তাকে তার নির্বাচনী অঙ্গীকারের কেন্দ্রবিন্দু উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের মূল লক্ষ্য নিরাপদ ঢাকা-৮ গড়া। এমন একটি এলাকা চাই, যেখানে নারীরা গভীর রাতেও নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। তিনি মাদকমুক্ত সমাজ, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। সাক্ষাৎকারের অংশবিশেষ ভোরের ডাকের পাঠকদের জন্য তুলে ধরা হলো;

ভোরের ডাক : শেষ সময়ে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন?
নাসীরুদ্দীন পাটওয়ারী : নির্বাচনের পরিবেশ এখন আগের থেকে কিছুটা ভালো। তবে প্রথম থেকেই এনসিপিসহ ১১ দলের প্রার্থীরা প্রচারণাকালে হুমকি-ধমকি পেয়েছেন। এমনকি তাদের কর্মী ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে। এসব কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছে। তবে নির্বাচন পুরোপুরি সুষ্ঠ হলে এনসিটিসহ ১১ দলের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা করছি। কারণ ‘আমরা সৎ প্রার্থী দিয়েছি। এটাই বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক। বিশেষ করে চব্বিশের স্পিরিট ধরে রাখতে গণঅভ্যুত্থানের প্রতিনিধিসহ ১১ দলের প্রার্থীদের নির্বাচিত করে সংসদে পাঠানো প্রয়োজন। 

ভোরের ডাক : বর্তমান আইনশৃঙ্খলাবাহীনি প্রতি আপনার কতটুকু আস্থা রয়েছে। নির্বাচনের পর এটা কি পরিবর্তন হওয়া প্রয়োজন কি না।
নাসীরুদ্দীন পাটওয়ারী : একটি দল প্রথম থেকেই বলে আসছে, প্রশাসনে তাদের লোক থাকতে হবে। কিন্তু আমরা দেখছি প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের এখনো সরানো হয়নি। তাই তাদের প্রতি পুরোপুরি আস্থা না থাকাই স্বঅবাবিক । তাই তাদের পরিবর্তন হওয়া প্রয়োজন। 

ভোরের ডাক : ২০২৪ এর গণঅভ্যুত্থান নিয়ে নানা ধরনের প্রশ্ন সামনে আসছে? এ বিষয়ে আপনার বক্তব্য কী?
নাসীরুদ্দীন পাটওয়ারী : যারা প্রশ্ন তুলছে তারা সম্ভবত গণঅভ্যুত্থান চায়নি। কারণ গণঅভ্যুত্থান না হলে এদেশের কি হতো তারা একবারও ভাবছে না। বিশেষ করে তখনকার বিরোধীদলগুলোর নেতাকর্মীদের কি হাল ছিল। সেটা ভুলে গেলে চলবে না। গণঅভ্যুত্থান হওয়ার কারণে স্বৈরাচার সরকার পালানোর মাধ্যেমে আমরা সবাই স্বাধীন হয়েছি। গণঅভ্যুত্থান না হলে আমিসহ প্রথম সারির জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশ নেয়া অন্যান্য দলের শীর্ষ নেতাদের এতোদিন হয় জেলে না হয় আমাদের হত্যা করে কবরে পাঠানো হতো। তাই গণঅভ্যুত্থান নিয়ে নেতিবাচক প্রশ্ন তোলার সুযোগ নেই। 

ভোরের ডাক : ঢাকা-৮ আসন থেকে এমপি নির্বাচিত হলে কোন সমস্যাগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারী : ঢাকা-৮ একটি ব্যতিক্রমধর্মী আসন, যেখানে দেশের প্রধান খাত স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে। ফলে এই আসনের সমস্যা যেমন জটিল, তেমনি সম্ভাবনাও বিপুল। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি নিরাপদ, সেবামুখী ও বাসযোগ্য ঢাকা-৮ গড়ে তোলার অঙ্গীকার করছি। এছাড়া, এ এলাকায় বর্ষায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে তা চিরতরে নির্মূল করার বিকল্প নেই। এছাড়া আমার নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজি সমস্যা আছে। মাদক ও চাঁদাবাজিকে নির্মূল করা হবে। 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের অন্যতম বৃহৎ সরকারি ও বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠানগুলো ঢাকা-৮ আসনের মধ্যে রয়েছে। প্রতিদিন হাজার হাজার রোগী ও স্বজন এই এলাকায় আসেন। এই বিশাল রোগীর চাপ সামাল দিতে গিয়ে মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। আমি নির্বাচিত হলে হাসপাতালকেন্দ্রিক ব্যবস্থাপনাকে মানবিক, শৃঙ্খলিত ও রোগীবান্ধব করতে কার্যকর উদ্যোগ নেব। এছাড়া, ঢাকা-৮ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজসহ শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থিত । এই আসন মূলত দেশের জ্ঞান ও মানবসম্পদ তৈরির কেন্দ্র। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় সীমাবদ্ধ থাকবে না; পড়াশোনার সময় থেকেই শিল্প ও কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত হবে, যাতে শিক্ষা শেষে তারা বেকার না হয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হয়। এছাড়া, ঢাকা-৮ আসনেই দেশের সর্বাধিক সরকারি অফিস ও কর্মচারীর কর্মস্থল। তাই আমরা চাই, সরকারি দপ্তরগুলোতে জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়। ডিজিটালাইজেশন ও নতুন ব্যবস্থাপনার মাধ্যমে সেবাখাতকে নাগরিকবান্ধব করা হবে। তাছাড়া, ঢাকা-৮ আসনের আবাসিক এলাকাগুলোতে গ্যাস ও পানির লাইন থাকা সত্ত্বেও অনেক জায়গায় নিয়মিত সরবরাহ নেই। পাশাপাশি ধুলোবালি, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষাবান্ধব পরিবেশের অভাব এবং যানজট ঢাকা-৮-এর বড় সমস্যা। এসব বিষয় স্থানীয় সরকারের আওতাভুক্ত হলেও নির্বাচিত হলে তিনি সংসদ সদস্য হিসেবে এসব ইস্যু জোরালোভাবে উত্থাপন করবো। 

উল্লেখ্য,  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর ও রমনা) নিয়ে গঠিত ঢাকা -৮ আসন। ঢাকা-৮ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫জন, তৃতীয় লিঙ্গের ভোটার এক  জন। আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০৮টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৫২৭টি। মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা আব্বাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(মার্কসবাদী) এ এইচ এম রাফিকুজ্জামান আকন্দ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের এ, এফ, এম ইসমাইল চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা, গণঅধিকার পরিষদের(জিওপি) মেঘনা আলম, জনতার দলের মো. গোলাম সারোয়ার, জাতীয় পার্টির মো. জুবের আলম খান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের( মুক্তিজোট) মো. রাসেল কবির।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: