বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে তাঁর দল অঙ্গীকারবদ্ধ। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সনদ বাস্তবায়নে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি জানান। তাঁর এ বক্তব্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কার বাস্তবায়ন নিয়ে চলমান আলোচনায় নতুন গুরুত্ব তৈরি করেছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার আয়োজিত প্রফেসর এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট।
মন্ত্রী বলেন, আমরা ৩১ দফাতে যেমন কমিটেড জুলাই সনদেও কমিটেড। উচ্চকক্ষে আনুপাতিক হারে বণ্টন হবে, এতে আমরা কখনই একমত হইনি। এটি জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বিএনপি সরকার তা চায় না জুলাই হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের ফলশ্রুতি।
সংবিধান সংস্কার বা সংশোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা বরাবরই বলে এসছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি।