জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, জুলাইয়ের ঘটনায় কোনো ধরনের বিচারহীনতা মেনে নেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে কফিন মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যানটিন, মল চত্বর ও ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সিনিয়র সহসভাপতি হাসিব আল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাঈম আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূর আলম হাসান ও সাধারণ সম্পাদক যাবের বিন নূরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দিয়ে জাহিদ আহসান বলেন, বিভিন্ন আদর্শিক মতপার্থক্য থাকলেও জুলাই গণহত্যার বিচারের দাবিতে সবাই ঐক্যবদ্ধ। তিনি অভিযোগ করে বলেন, জুলাইয়ের ঘটনায় জড়িতদের বিচারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলের শিক্ষকদেরও জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে ছাত্রলীগের যেসব নেতাকর্মী হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তাদের ছাত্রত্ব ও সনদ বাতিলের দাবি জানান তিনি।
সমাবেশে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাইয়ের চেতনা কেবল বক্তব্যে নয়, বাস্তব কর্মকাণ্ডে ধারণ করতে হবে। তিনি বলেন, অতীতের নির্যাতন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণের ঘটনাগুলো স্মরণ রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে। পাশাপাশি জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, জুলাইয়ের ঘটনা নিয়ে কোনো ধরনের বিচারহীনতা বরদাশত করা হবে না। তিনি সরকারের উদ্দেশে অভিযোগ করেন, গণভোট ইস্যুতে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না।
সমাবেশ শেষে জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবিতে সংগঠনটির নেতারা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।