দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের এই অকাল মৃত্যুতে উদ্বেগ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এই শোক প্রকাশ করেন দলটির সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। তারা নিহত দুইজনের শোকাহত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, দেশে স্বাভাবিক মৃত্যুরও নিশ্চয়তা নাই। তরুণপ্রাণ এই সাংবাদিকদের এমন মৃত্যু আমাদের সামগ্রিক নাগরিক নিরাপত্তার নাজুকতা তুলে ধরছে। নিহত শাকিবুল হাসান ও রবিউল আলম রাজু উত্তরা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল। তাদের মৃত্যু আমাদেরকে শোকাহত করেছে, ব্যথিত করেছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জান্নাতে তাদের উচুঁ মাকাম কামনা করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব বলেন, আমরা বারংবার বলে আসছি যে, সড়ক ব্যবস্থাপনায় নিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে। চালকদের সুস্থ্যতা নিশ্চিত করতে হবে ও কাজের চাপ কমাতে হবে। কিন্তু কেউ দায়িত্ব নিয়ে কাজ করে না। রাতের ফাঁকা রাস্তায় এমন ঘটনা দুর্ঘটনা না বরং চালকের উদাসিনতা বা খাম-খেয়ালির কারণে এমন করুণ মৃত্যুর সাক্ষি হতে হলো আমাদের।
সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দ্রুততার সাথে দায়ী ব্যক্তিকে আটক করতে হবে। শাস্তির আওতায় আনতে হবে এবং নিহতদের পরিবারকে যথাপোযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
উল্লেখ্য, বুধবার (১৫ জুলাই) রাতে উত্তরায় দুরপাল্লার বাসের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান