পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের কাটছাঁট করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬-২৭ মৌসুমের জন্য ঘোষিত নতুন চুক্তিতে জায়গা পেয়েছেন মাত্র আটজন ক্রিকেটার। আগের মৌসুমে পাঁচটি ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ ছিলেন ২০ জন।
শুক্রবার নতুন মৌসুমের চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রে ফরম্যাটভিত্তিক চুক্তি থাকলেও নারীদের জন্য আগের মতোই ক্যাটাগরিভিত্তিক কাঠামো রেখেছে বোর্ড। তবে ক্যাটাগরির সংখ্যা পাঁচ থেকে কমিয়ে তিনে আনা হয়েছে।
সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক ফাতিমা সানা ও বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুনিবা আলি, সিদরা আমিন ও বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। আর ‘সি’ ক্যাটাগরিতে আছেন ওপেনার গুল ফিরোজা, সাদাফ শামাস ও আয়েশা জাফর।
পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স ও ফিটনেসের ভিত্তিতে ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। চুক্তির মেয়াদেও খেলোয়াড়দের ফিটনেস নিয়মিত মূল্যায়ন করা হবে। কেন্দ্রীয় চুক্তিতে থাকতে হলে নির্ধারিত ফিটনেস মান বজায় রাখা বাধ্যতামূলক।
গত মৌসুমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির পাশাপাশি ‘ডি’ এবং ‘ইমার্জিং’ ক্যাটাগরিও ছিল। এবার এই দুই ক্যাটাগরি বাদ দেওয়ার পাশাপাশি চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বোর্ড।
নতুন চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ২৪ বছর বয়সী ফাতিমা সানা ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন। সম্প্রতি প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ও অস্ট্রেলিয়ার উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
অন্যদিকে, বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবালও বোলিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এর আগে আইসিসির নারী টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন তিনি।