ভারতের মাটিতে ট্রিপল জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়ে রুপার পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। ওড়িশার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে চলমান বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নারীদের এই ইভেন্টে কৃতিত্ব দেখান তিনি।
ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার দূরত্ব অতিক্রম করেন স্বপ্না। এটাই তাঁর ক্যারিয়ারসেরা পারফরম্যান্স এবং বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড। তবে স্বর্ণপদকের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তা জেতা হয়নি। মাত্র ০.০২ মিটার ব্যবধানে পিছিয়ে থেকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
প্রতিযোগিতায় স্বপ্নার প্রথম লাফ ছিল ১২.৫০ মিটার। তৃতীয় ও চতুর্থ প্রচেষ্টায় যথাক্রমে ১২.৭৯ ও ১২.৮৯ মিটার অতিক্রম করেন তিনি। দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হওয়ায় সেগুলো গণনায় আসেনি।
১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের সাধনা রবি। নিজের শেষ প্রচেষ্টায় এই দূরত্ব অতিক্রম করেন তিনি। ১২.৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ আরাচ্চি।
এর আগে প্রতিযোগিতার প্রথম দিন বাংলাদেশের হয়ে পদক জেতেন সুমাইয়া দেওয়ান। নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক পান তিনি।
আগামী ২৭ নভেম্বর শেষ হবে এই প্রতিযোগিতা। তার আগেই স্বপ্নার জাতীয় রেকর্ড ও সুমাইয়ার পদকজয় বাংলাদেশের অ্যাথলেটিকসে নতুন সাফল্য যোগ করেছে।