গত আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু নানা রাজনৈতিক চাপ ও বিতর্কের মুখে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই অভিজ্ঞতার পর এবার আইপিএলের মিনি নিলামেই নাম লেখাননি বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সম্ভাব্য প্রতিক্রিয়ার আশঙ্কা থেকেই নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোস্তাফিজ। তাঁর পরবর্তী গন্তব্য হতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, গতবারের ঘটনা এখনো মোস্তাফিজের মনে প্রভাব ফেলছে। নিলামে অবিক্রীত থেকে গেলে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়তে পারেন—এমন আশঙ্কাও রয়েছে তাঁর। ভক্তদের একাংশ তাঁকে ‘লোভী’ বলতে পারেন, এমন ধারণা থেকেই মিনি নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে সূত্রটি।
ওই সূত্র আরও জানিয়েছে, মোস্তাফিজ আগে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। আগামী মৌসুমেও তাঁকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দেখা যেতে পারে।
গত ১৬ ডিসেম্বর আইপিএলের নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কেকেআর। তবে তাঁকে দলে নেওয়ার পর ভারতের কয়েকটি উগ্র ডানপন্থী সংগঠন বিরূপ প্রতিক্রিয়া জানায়। উত্তর প্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সিং শোম কেকেআরের মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেন। মোস্তাফিজ ভারতে গেলে বিমানবন্দর থেকেই তাঁকে বের হতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন তিনি।
পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দেয় কেকেআর। বিষয়টি ঘিরে দুই দেশের ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।
এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অংশ নেয় স্কটল্যান্ড।
আইপিএলে গত আসরে খেলার সুযোগ না পেলেও এর আগে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তুলেছেন তিনি। আইপিএলের অভিষেক আসরেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
আইপিএলে ৬০ ম্যাচ খেলে মোস্তাফিজের শিকার ৬৫ উইকেট। গত নিলামে তাঁকে দলে নিতে চেন্নাই, দিল্লি ও কলকাতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। শেষ পর্যন্ত সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে কিনেছিল কলকাতা। সেবার আইপিএলে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও ছিলেন তিনি।
তবে আইপিএলে না থাকলেও ব্যস্ত সূচি রয়েছে মোস্তাফিজের। বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। পাশাপাশি প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নিতে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন এই পেসার।