ইসরায়েলি ক্লাবের বিপক্ষে ম্যাচ, গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা হাতে তুর্কি সমর্থকেরা। তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে স্টেডিয়াম। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। বৃহস্পতিবার জর্জিয়ার বাতুমিতে ইউরোপা লিগের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। মাঠের লড়াইয়ে অবশ্য ২-১ গোলে জয় পেয়েছে তুরস্কের ক্লাব বেসিকতাস।
তুরস্কের ক্লাব বেসিকতাস ও ইসরায়েলের হাপোয়েল বের শেভার মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল তুরস্কে। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির কারণে ম্যাচটি জর্জিয়ার নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয় উয়েফা। কিন্তু ভেন্যু বদলালেও উত্তেজনা এড়ানো যায়নি।
খেলার ২৬তম মিনিটে বেসিকতাস সমর্থকদের গ্যালারিতে গোলযোগ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জর্জিয়ার পুলিশ সেখানে প্রবেশ করলে সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশ সদস্যদের সঙ্গে সমর্থকদের মুখোমুখি অবস্থান দেখা গেছে। এক সমর্থককে স্ট্রেচারে করে স্টেডিয়াম থেকে বের করে নেওয়ার খবরও পাওয়া গেছে।
তুরস্কের সম্প্রচারমাধ্যম এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ পেপার স্প্রে ব্যবহার করেছে। এ সময় সমর্থকেরা ইসরায়েলবিরোধী স্লোগান দেন এবং গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। রাজনৈতিকভাবে সংবেদনশীল ম্যাচটিতে এসব ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
খেলা বন্ধ থাকাকালে বেসিকতাসের খেলোয়াড়েরা ও ফুটবল পরিচালক ওন্দার ওজেন সমর্থকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা সাময়িকভাবে মাঠ ছাড়েন। প্রায় ৩০ মিনিট পর তাঁরা ফিরে এলে আবার খেলা শুরু হয়।
ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুলখান তামাজাশভিলির সঙ্গে কথা বলেন। চিফতচি জানান, জর্জিয়ার মন্ত্রী তাঁকে বলেছেন, ফিলিস্তিনের পতাকাগুলো উয়েফার কর্মকর্তারা জব্দ করেছেন; জর্জিয়ার রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তা করেনি। পরিস্থিতি গুরুতর হওয়ায় জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর একজন উপমন্ত্রীকে স্টেডিয়ামে পাঠিয়েছিলেন বলেও জানান চিফতচি। এ বিষয়ে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছে বেসিকতাস। ক্লাবটির অভিযোগ, নিরাপত্তাকর্মীরা সমর্থকদের ওপর ‘অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগ’ করেছেন। কয়েকজন সমর্থককে স্টেডিয়ামে প্রবেশ করতেও দেওয়া হয়নি বলে দাবি তাদের। বিষয়টি উয়েফার ম্যাচ ডেলিগেট ও বাতুমিতে তুরস্কের কনস্যুলেট জেনারেলকে জানিয়েছে ক্লাবটি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছে বেসিকতাস।
তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিন বাক পুলিশের হস্তক্ষেপের সমালোচনা করে একে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলেছেন। খেলাধুলায় বৈষম্য ও অবিচারের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। তুর্কি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে তারা বিষয়টি অনুসরণ করবে। দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সংস্থাটি। দেশটির বড় ক্লাব গালাতাসারাই, ফেনারবাহচে ও ট্রাবজোনস্পরও বেসিকতাসের প্রতি সংহতি জানিয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকার নিন্দা করেছে।
বাতুমিতে গ্যালারির উত্তেজনার আগে জর্জিয়া যাওয়ার পথেও বিপাকে পড়েছিল বেসিকতাস। দলকে বহনকারী বেসরকারি বিমানে কয়েকবার বজ্রপাত হয় এবং প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। খারাপ আবহাওয়ার কারণে বাতুমিতে অবতরণের পরিকল্পনা বাতিল করে বিমানটি তুরস্কের রিজে-আর্তভিন বিমানবন্দরে ফিরে যায়।
তুরস্কের সম্প্রচারমাধ্যম টিআরটি স্পরের খবরে বলা হয়েছে, বেসিকতাসের কর্মকর্তারা ওই যাত্রাকে তাঁদের জীবনের সবচেয়ে উদ্বেগজনক বিমানভ্রমণ হিসেবে বর্ণনা করেছেন। পরে রিজে থেকে প্রায় ১৩০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়ে বাতুমিতে পৌঁছায় দলটি। এ ঘটনায় কোচ ভিনচেনৎসো ইতালিয়ানোর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও বাতিল হয়।
তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপত্তার স্বার্থে হাপোয়েল বের শেভাকে তুরস্কে গিয়ে খেলতে হয়নি। উয়েফা ম্যাচটি জর্জিয়ায় সরিয়ে নেয়। ম্যাচের আগে চার খেলায় বেসিকতাসের পয়েন্ট ছিল সাত, অন্যদিকে হাপোয়েলের সংগ্রহ ছিল মাত্র এক পয়েন্ট। প্লে-অফের লড়াইয়ে অবস্থান শক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল দুই দল। শেষ পর্যন্ত বেসিকতাস জয় পেলেও ম্যাচের বাইরের ঘটনাই বেশি আলোচনায় এসেছে। এবার পুরো ঘটনার তদন্তের মুখে পড়তে পারে উয়েফা।