ভারতের টেস্ট দল থেকে মোহাম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিরাজের ধর্মীয় পরিচয়ের কারণে তাঁকে একাদশে রাখা হয়নি—এমন অভিযোগ নাকচ করে বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, দল নির্বাচন পুরোপুরি ক্রিকেটীয় বিবেচনায় করা হয়েছে।
চলমান নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচেও একাদশে জায়গা পাননি ভারতের অভিজ্ঞ পেসার সিরাজ। একসময় সাদা বলের ক্রিকেটে নিয়মিত থাকলেও সাম্প্রতিক সময়ে টেস্ট দলেই বেশি দেখা যাচ্ছিল তাঁকে। তবে নিউজিল্যান্ড সিরিজে পরপর দুই ম্যাচে বাদ পড়ায় ভারতের ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে সমালোচনা।
সিরাজকে একাদশে না রাখার সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ও সমর্থকেরা। ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার প্রথম টেস্টে সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘মেনে নেওয়া কিছুটা কঠিন’ বলে মন্তব্য করেছিলেন। সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রীও সিম-সহায়ক কন্ডিশনে সিরাজের অভিজ্ঞতা ও আক্রমণাত্মক বোলিংয়ের গুরুত্ব তুলে ধরে অসন্তোষ প্রকাশ করেন।
দ্বিতীয় টেস্টেও সিরাজের জায়গায় অনভিজ্ঞ পেসারদের সুযোগ দেওয়ায় সমালোচনা আরও জোরালো হয়েছে। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিকের মতে, সিরাজ ফর্মে না থাকলে তাঁকে দলের সঙ্গে রাখারও প্রয়োজন ছিল না। অন্যদিকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ সিরাজকে বাদ দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, বিদেশের মাটিতে ভারতের টেস্ট বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হওয়া উচিত সিরাজ।
এর মধ্যে সিরাজের বাদ পড়ার পেছনে ধর্মীয় পরিচয়ের বিষয়টি সামনে আনেন কংগ্রেস নেতা ইমরান মাসুদ। তাঁর অভিযোগ, ভালো পারফরম্যান্স সত্ত্বেও শুধু মুসলিম পরিচয়ের কারণে সিরাজকে একাদশে রাখা হয়নি। তবে এই মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়।
এবার এ বিতর্কে মুখ খুলেছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, সিরাজকে অযথা বিতর্কের মধ্যে টেনে আনা ঠিক নয়। একাদশ নির্বাচন করা কোচ ও অধিনায়কের দায়িত্ব। ব্যক্তিগত কোনো খেলোয়াড়কে এ ধরনের বিতর্কে জড়ানো উচিত নয়।
সিরাজকে বাদ দেওয়ার পেছনে ক্রিকেটের বাইরের কোনো কারণ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শুক্লা বলেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। সিরাজ দলেরই অংশ। পিচের অবস্থা এবং নির্দিষ্ট দিনে উইকেটের আচরণসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই একাদশ চূড়ান্ত করা হয়। তাঁর দাবি, সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।