কৃষিকে বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

বাসস

জাতীয়

দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী কাঠামোয় রূপান্তর করতে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প

2026-11-27T15:47:03+00:00
2026-11-27T15:47:03+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
কৃষিকে বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা
বাসস
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম 
কৃষিকে বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা
দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী কাঠামোয় রূপান্তর করতে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ তৈরি, কৃষিসেবা ডিজিটালাইজ করা এবং খাদ্যনিরাপত্তা জোরদার করা হবে এ উদ্যোগের মূল লক্ষ্য।

দেশের শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে সামগ্রিক কৃষি খাতের অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে নিয়োজিত। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার অন্যতম প্রধান ভিত্তিও কৃষি।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষিপণ্যের সরবরাহব্যবস্থা শনাক্তকরণ এবং সরকারি কৃষিসেবা আরও সহজলভ্য করতে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা হবে।

‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামে প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। প্রকল্পটির মাধ্যমে কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সংযোগ বাড়িয়ে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ জন্য কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে অংশীদারিত্ব জোরদার, সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো তৈরি এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কৃষিপণ্যের উৎস ও সরবরাহব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্প বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ জানান, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির কারিগরি নোট তৈরির কাজ চলছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। ওই কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রকল্পের প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা করা হয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদান চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।

প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ বা প্রোডাক্টিভ পার্টনারশিপস। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা হবে। এ খাতে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।

দ্বিতীয় উপাদানে কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। কৃষিসেবা ও সহায়তা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ খাতে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।

তৃতীয় উপাদানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা এবং কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের পরিকল্পনা রয়েছে। এ খাতে প্রস্তাবিত ব্যয় ২ কোটি মার্কিন ডলার।

চারটি উপাদানে মোট ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট অংশীজনদের মতে, উৎপাদনশীল অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে উঠবে। এতে কৃষিপণ্যের উৎপাদন, সরবরাহ ও বিপণনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: