শনিবার থেকে দেশের সব কারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শ্রমমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন এবং সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতায়। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি মালিকপক্ষ বিরোধিতা না করে বরং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে।
তিনি বলেন, বিভিন্ন সময়ে নানা ইস্যু তৈরি হয়, কিছু মানুষ নানা বক্তব্য দেন এবং নেতৃত্বের ক্ষেত্রেও কখনো শূন্যতা দেখা দেয়। তবে এসব বিষয় গণতান্ত্রিক চর্চার অংশ। মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া পর্যন্ত অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা রাত ১টা-২টা পর্যন্ত একসঙ্গে কাজ করেছেন। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
একইভাবে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদেরও ধন্যবাদ জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, গভীর রাত পর্যন্ত সহযোগিতা চাওয়া হলে মালিকপক্ষের প্রতিনিধিরা সাড়া দিয়েছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, এবারই প্রথম কোনো মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর শ্রমিকদের প্রতিনিধি নিজেই তাঁদের বক্তব্য তুলে ধরছেন। সরকারি দলের কোনো নেতাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হচ্ছে না। তাঁর মতে, এটি গণতান্ত্রিক সরকারের ইতিবাচক দৃষ্টান্ত। এ ধরনের প্রক্রিয়ার কারণেই শ্রমিক ও মালিকপক্ষ একটি নিরপেক্ষ অবস্থানে পৌঁছাতে পেরেছে।
মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন বলেও জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, শ্রমিক ও মালিকের স্বার্থ সমন্বয় করে কীভাবে সুন্দর সমাধানে পৌঁছানো যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। শেষ পর্যন্ত মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্প খাতকে বিশ্বদরবারে আরও শক্ত অবস্থানে নিতে উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। কোনো সমস্যা দেখা দিলে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সবার কথা বলার অধিকার রয়েছে, আর সরকারের দায়িত্ব সবার কথা শোনা এবং সামর্থ্য অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করা।
নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকা শ্রমিক অধ্যুষিত। সেখানে প্রায় ৬০ শতাংশ মানুষ শ্রমিক। শ্রমিকদের বাংলাদেশের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকরা উৎপাদন বাড়াতে পারলে এবং মালিকরা ব্যবসায় আয় করতে পারলে বেতন বাড়ানো কঠিন হবে না। তবে সে পর্যায়ে পৌঁছাতে শিল্পের বিকাশ নিশ্চিত করতে হবে।
কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের কারণে যেন শিল্পকারখানা বন্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বরং সবাইকে শিল্পের অগ্রগতিতে ভূমিকা রাখার কথা বলেন শ্রমমন্ত্রী।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যমগুলো শ্রমিকদের মজুরি ও সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।