ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ বছর বয়সী ডরিনকে গ্রেপ্তার করে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পরবর্তী সময়ে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।
ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তাঁর বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।
তবে কোন মামলায় এবং ঠিক কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবি সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।