বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়া ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁদের শুভকামনা জানান তিনি। এ সময় কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, প্রথম দফায় মালয়েশিয়াগামী এই কর্মীরা দেশটির ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নের সুযোগ রয়েছে। নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেবে।
এই নিয়োগ কার্যক্রমে অনুসরণ করা হচ্ছে ‘শূন্য মানে শূন্য’ নীতি। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ও বিমান টিকিটের ব্যয় দিচ্ছে নিয়োগকর্তা।
বোয়েসেলের হিসাবে, এ প্রক্রিয়ায় একজন কর্মীর আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ জনের ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।
রাশেদুল হক জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে দালালমুক্ত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১১২ জন।
বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।
সরকারি এই কর্মসূচির নামে কাউকে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির পরিচয়ে কেউ টাকা চাইলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।