দেশের অর্থনীতিতে পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, পোল্ট্রি খাতে যুক্ত ৬০ লাখ মানুষের মধ্যে ৪০ শতাংশই নারী। এ খাতে ইতোমধ্যে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছেন। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানি আয় বাড়াতে এসব খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রাণিসম্পদের উন্নয়নের অন্যতম বাধা রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের কাছে পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে পশুচিকিৎসায় ১৭ ধরনের রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ উৎপাদন যথেষ্ট নয়। এ কারণে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাতগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং উৎপাদিত পণ্যকে শিল্পে রূপ দিতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। মেধাসমৃদ্ধ জাতি গঠনে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। তাই প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদানের চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি জানান, দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ক্রমেই রপ্তানিমুখী হয়ে উঠছে। ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট—এই ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। খাতটির বিকাশে প্রয়োজনীয় নীতিসহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে প্রাণিসম্পদ খাতে দেশের স্বনির্ভরতা বাড়বে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
রপ্তানি বাজার সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা ‘হ্যাচিং এগ’ রপ্তানিতেও সক্ষম হয়েছে। এ ধরনের নতুন পণ্যের পাশাপাশি বিদেশে প্রাণিজ পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে হবে।
দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোল্ট্রি পণ্যের বাজার সম্প্রসারণের বড় সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার।
দেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি উল্লেখ করে তারেক রহমান বলেন, উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় ভিত্তিতে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব প্রাণী অনেকের মানসিক প্রশান্তির পাশাপাশি আয়ের উৎস হয়ে উঠেছে। তবে মানুষের অধিকারের মতো পশুপাখির অধিকারও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
প্রাণীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষা দেওয়া এবং স্বাভাবিক আচরণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে। পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন থাকা প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য হলো এ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা। খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি। তাঁদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি। একই সঙ্গে এটি উদ্যোক্তা, গবেষক ও খাতসংশ্লিষ্ট অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা-শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রাণিজ পণ্য রপ্তানির ক্ষেত্রে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা তাঁর।