অনুদান নয়, ঘূর্ণায়মান তহবিলে কফি-কাজুবাদাম চাষে বদলাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু

রাঙ্গামাটি সংবাদদাতা

সারাদেশ

পাহাড়ি জনপদের টেকসই উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে ক্ষুদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক

2026-11-26T18:36:50+00:00
2026-11-26T18:36:50+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
অনুদান নয়, ঘূর্ণায়মান তহবিলে কফি-কাজুবাদাম চাষে বদলাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু
রাঙ্গামাটি সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম 
অনুদান নয়, ঘূর্ণায়মান তহবিলে কফি-কাজুবাদাম চাষে বদলাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু
পাহাড়ি জনপদের টেকসই উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে ক্ষুদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি জানান, প্রচলিত জুম চাষ ও দ্রুত পচনশীল ফসলের ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে ‘রিভলভিং ফান্ড’ বা ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে চাষিরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ঋণমুক্ত হতে পারবেন। একই সঙ্গে আগামী এক দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিলে কয়েক শ কোটি টাকা জমা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

উন্নয়ন ভাবনার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সাচিং প্রু বলেন, ৫০ বছরেরও বেশি সময় আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমতলের পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষকে নিরাপদ ও উন্নত জীবনযাপনের সুযোগ করে দিতে দূরদর্শী পরিকল্পনা করেছিলেন। এর ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হয়। বর্তমান সময়ে আরও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র জনগোষ্ঠীর অগ্রগতিও সমানভাবে নিশ্চিত করতে হবে।
পাহাড়ের কৃষি ও ভূমি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, অনুর্বর বা পতিত পাহাড়ি জমিকে কীভাবে উৎপাদনশীল করা যায়, তা নিয়ে নিয়মিত ভাবনাচিন্তা চলছে। ঐতিহ্যগত জুম চাষে পেঁপে বা কলার মতো দ্রুত পচনশীল ফসলের পাশাপাশি বাণিজ্যিকভাবে কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনাও কাজে লাগানো জরুরি।

রিভলভিং ফান্ডের রূপরেখা তুলে ধরে সাচিং প্রু বলেন, এককালীন অনুদান বা ত্রাণের পরিবর্তে জবাবদিহি ও মালিকানাবোধ নিশ্চিত করতে ফেরতযোগ্য তহবিলের ব্যবস্থা রাখা হবে। নীতিমালা অনুযায়ী আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ চাষিদের বাছাই করা হবে। কফি চাষে ছায়ার প্রয়োজনীয়তা বিবেচনায় আম বা কলাবাগানের মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি একরে প্রায় ১ হাজার ১৫০টি চারা রোপণ করা সম্ভব। মে-জুন মাসে চারা সংগ্রহ এবং ডিসেম্বরের মধ্যে রোপণের সময়সূচি ধরে তিন বছরের সমন্বিত সহায়তা দেওয়া হবে। রোপণের তিন বছর পর ফলন শুরু হলে পরবর্তী তিন থেকে চার বছরের মধ্যে চাষিরা ঋণ পরিশোধ করে ঋণমুক্ত হতে পারবেন।

জুম চাষের পর জমি ফেলে চলে যাওয়ার প্রবণতা বদলে ভূমির প্রতি স্থায়ী মায়া তৈরির আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একটি কফিগাছ ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এটি দুই-তিন প্রজন্মের আয়ের উৎস হতে পারে। রুমার সোমশং এলাকায় ৪০ থেকে ৫০ বছর বয়সী গাছ থেকেও এখনো গাছপ্রতি ১৫ থেকে ২০ কেজি কফি পাওয়া যাচ্ছে। খাগড়াছড়িতেও এর নজির রয়েছে। পাশাপাশি গত বছর শুধু থানচিতে ২৫ হাজার মণ কাজুবাদাম উৎপাদিত হয়েছে, যা পাহাড়ের অর্থনৈতিক সম্ভাবনাকে স্পষ্ট করে।

ধর্মচর্চা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণের ওপর গুরুত্ব দিয়ে সাচিং প্রু বলেন, নিরাপদ যাতায়াত, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। পার্বত্য তিন জেলায় উন্নয়ন বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবল কাজে লাগিয়ে জেলা পরিষদগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। এ জন্য উন্নয়ন বোর্ডের প্রচলিত বাজেট বরাদ্দ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সভায় মন্ত্রী বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদ, সদস্য (অর্থ ও পরিকল্পনা) মো. জাহিদ ইকবাল, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হক, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছিন আরাফাত এবং রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: