চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি কর্মচারীসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
জানা গেছে, চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও সক্রিয় হয়ে ওঠে তারা।
অভিযানে এসআরবির সদস্যরা সাদাপোশাকে রোগী ও স্বজনের ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে অবস্থান নেন। এ সময় চিকিৎসকের ব্যবস্থাপত্র পরীক্ষা, হাসপাতালের শয্যা ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সুবিধা করে দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সাদাপোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান করে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁদের বিরুদ্ধে ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। সেসব তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। কেউ রোগীদের শয্যা পাইয়ে দেওয়া, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল করে দেওয়া, আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করেন।
রোগী ও স্বজনদের উদ্দেশে এসআরবি অধিনায়ক বলেন, সরকারি এ হাসপাতালে রোগীদের বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে এবং কাউকে কোনো ধরনের টাকা দেওয়া যাবে না। কোনো দালাল চক্রের সহায়তাও নেওয়া উচিত নয়। এ বিষয়ে রোগী ও স্বজনদের সচেতন থাকতে হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তছলিম উদ্দিন জানান, এসআরবির দালালবিরোধী অভিযানের বিষয়টি তিনি অবগত আছেন। হাসপাতাল কর্তৃপক্ষও এ কাজে সহযোগিতা করছে। প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগে এ ধরনের অনিয়ম কমিয়ে আনা সম্ভব।