ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতে সার্চলাইট স্থাপন ও থার্মাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীন তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শনকালে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি।
তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে। দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করতে থার্মাল প্রযুক্তিসহ আধুনিক সরঞ্জামের ব্যবহার বাড়ানো হচ্ছে। এতে সন্দেহজনক কোনো তৎপরতা নজরে এলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো নিষিদ্ধ, অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা অন্য কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, কোনো বিতর্কিত বা পলাতক আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।