নেত্রকোনার মদনে ৪৪০ জন প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চানগাঁও শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-১, হাসকুড়ি মৈধাম শহীদ কদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসান আলী দাখিল মাদ্রাসায় এসব ব্যাগ বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) অর্থায়নে এবং চানগাঁও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুল্লাহ খান, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিতরণকালে ইউএনও এম এ কাদের বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি তাদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।
স্কুল ব্যাগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তাঁদের অভিভাবকেরাও এ উদ্যোগকে স্বাগত জানান।