বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র

রয়টার্স

আন্তর্জাতিক

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব দেশের

2026-11-25T16:48:09+00:00
2026-11-25T16:48:09+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র
রয়টার্স
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব দেশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে দেশগুলো থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। তিনটি সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তদন্তের আওতায় থাকা দেশ ও বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নও।

রয়টার্সের সূত্রগুলোর দাবি, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। এরপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের সুপারিশ করতে পারে। প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এরই মধ্যে আরোপ করা শুল্কের সঙ্গে তা যুক্ত হবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কয়েকটি শুল্ক বাতিল করেছিলেন। সেগুলোর বিকল্প হিসেবেও নতুন শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে আরোপ করা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করবেন।

দেশভেদে নির্ধারিত হতে পারে শুল্কের হার

কোন দেশের কোন পণ্যে কত শতাংশ শুল্ক বসতে পারে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় বড় বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। এসব দেশের বিভিন্ন শিল্প খাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেসব চুক্তি চূড়ান্ত হয়েছে, সেগুলোতে শুল্কের সর্বোচ্চ যে সীমা নির্ধারণ করা হয়েছে, হোয়াইট হাউস তা অনুসরণ করতে পারে। চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কের সীমা নির্ধারিত রয়েছে।

চীনের ক্ষেত্রেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের সর্বোচ্চ ২০ শতাংশ সীমা বজায় রাখার সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি চুক্তির সময়সীমা বাড়াতে হবে। চুক্তির মেয়াদ বাড়ানো না হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে শুল্ক আরও বাড়তে পারে।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের ফল নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। সেখানে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য আলাদা শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।

আইন ও পরামর্শক প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্পালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। এর সঙ্গে পৃথক তদন্তের আওতায় আগে আরোপ করা ১০ বা সাড়ে ১২ শতাংশ শুল্কও যুক্ত হতে পারে। ওই তদন্তে জোরপূর্বক শ্রম ব্যবহারসংক্রান্ত আইন যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তবে শুল্কের হার তুলনামূলক কম রাখার বিকল্পও প্রশাসনের বিবেচনায় থাকতে পারে বলে মনে করেন মাজেরাস। সে ক্ষেত্রে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্ত দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে সময়ের সঙ্গে শুল্কের হার বাড়ানোর সুযোগ থাকবে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছিল, চলতি সপ্তাহে তদন্তের ফল প্রকাশ করা হতে পারে।

চীনের উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

গত মার্চে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারসংক্রান্ত আইন যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে আরেকটি তদন্ত শুরু হয়। এই দুই তদন্তের আওতায় শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্কব্যবস্থা নতুন করে সাজাতে চায় প্রশাসন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্কব্যবস্থা বাতিল করেছিলেন।

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন বিশ্ববাজারে বিপুল পরিমাণ ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ সরঞ্জামসহ বিভিন্ন পণ্য সরবরাহ করছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের বক্তব্য, প্রতিযোগিতামূলক সুবিধার কারণেই তাদের রপ্তানি বাড়ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগও মার্কিন তদন্তের লক্ষ্যবস্তু। দেশগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি এবং আগের শুল্ক এড়ানোর উদ্দেশ্যে চীন এসব দেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ ওয়াশিংটনের।

আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি চুক্তির আওতায় চীনা পণ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমিত রেখেছে যুক্তরাষ্ট্র। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে।

এ ছাড়া চীনের সব আমদানি পণ্যের ওপর জোরপূর্বক শ্রম ব্যবহারসংক্রান্ত অভিযোগে ইতিমধ্যে সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের সীমায় পৌঁছাতে শুল্কের হার আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সুযোগ রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের বাজারে ৩০ বিলিয়ন ডলার বা প্রায় ৩ হাজার ৬৬০ কোটি টাকার অ-কৌশলগত পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: