ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে নতুন করে হত্যার অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুদ্ধের

2026-11-25T12:40:23+00:00
2026-11-25T12:40:23+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনে আলোচনা
যুদ্ধ বন্ধে নতুন অভিযানের চিন্তা, পাল্টা প্রতিক্রিয়া ও সংঘাত বাড়ার আশঙ্কা কর্মকর্তাদের
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম 
ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনে আলোচনা

ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে নতুন করে হত্যার অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুদ্ধের অবসান ঘটাতে তেহরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও এ কৌশল নিয়ে প্রশাসন ও সামরিক বাহিনীর ভেতরেই মতবিরোধ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশের আশঙ্কা, এমন অভিযান যুদ্ধ থামানোর বদলে ইরানের অবস্থান আরও কঠোর করতে পারে এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এবং বিষয়টি নিয়ে আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে হামলার সম্ভাবনা নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রশাসনের একাংশ মনে করছে, ইরানের প্রভাবশালী ও কট্টরপন্থি নেতাদের সরিয়ে দিতে পারলে তেহরানের ওপর চাপ বাড়বে। এতে দেশটির নেতৃত্ব যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় বসতে বাধ্য হতে পারে। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানের শীর্ষ নেতাদের শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম—এমন বার্তাও দেওয়া যাবে সম্ভাব্য অভিযানের মাধ্যমে।

তবে এই পরিকল্পনার বিরোধিতা করছেন প্রশাসন ও সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা। তাঁদের মতে, ইরানের অবশিষ্ট নেতৃত্বকে হত্যার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এতে তেহরানের নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে এবং ভবিষ্যতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

এ ছাড়া এমন হামলার প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর পাল্টা আক্রমণের ঝুঁকিও তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিরোধিতাকারীরা। তাঁদের আশঙ্কা, নেতৃত্বকে লক্ষ্য করে সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান ও শান্তি আলোচনায় বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় দেশটির আরও কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতার প্রাণহানি ঘটে।

খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এবং ধারাবাহিক সামরিক হামলার পরও সংঘাতের অবসান হয়নি। প্রায় নয় মাস ধরে চলা এই যুদ্ধের মধ্যে নতুন করে ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা নিয়ে ওয়াশিংটনের আলোচনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: এনবিসি নিউজ, আনাদোলু এজেন্সি।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: