ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি দুবাই ক্যাপিটালস। আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি। ম্যাচে চার ওভার বল করে ৩৭ রান খরচ করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে কোনো উইকেট পাননি তিনি।
রোববার (২২ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আবুধাবি নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে দলটি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দুবাই ক্যাপিটালস। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ১৭.৫ ওভারে ১১২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
আবুধাবির দুই ওপেনার ফিন অ্যালেন ও আন্দ্রে ফ্লেচার শুরুতেই বড় জুটি গড়েন। উদ্বোধনী জুটিতে ৭৬ বলে ১১৯ রান যোগ করেন তাঁরা। অ্যালেন ৩৮ বলে ৭৪ এবং ফ্লেচার ৪৯ বলে ৫৫ রান করেন। তাঁদের দাপুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় আবুধাবি।
প্রথম ১২ ওভারে বিনা উইকেটে ১০৮ রান তুলেছিল দলটি। তবে শেষ আট ওভারে ৬ উইকেট হারিয়ে আরও ৫৯ রান যোগ করতে পারে তারা।
কবজিতে চোট নিয়েও পুরো চার ওভার বোলিং করেন মুস্তাফিজ। ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ক্যাচ মিসের ঘটনা দেখেন তিনি। প্রথম ওভারে ৮ রান দেওয়ার পর পাওয়ার প্লেতে নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন ১৬ রান। ওই ওভারে আন্দ্রে ফ্লেচার ও ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে দুটি চার ও একটি ছক্কা।
পরের স্পেলে অবশ্য বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ১৭তম ওভারে একটি ওয়াইডসহ দেন মাত্র ৩ রান। পরের ওভারে দুশমান্থা চামিরার বলে জেসন হোল্ডারের ক্যাচও নেন তিনি।
নিজের শেষ ওভারে আন্দ্রে রাসেলের কাছে একটি ছক্কা হজম করেন মুস্তাফিজ। তবে শেষ বলে দুর্দান্ত ইয়র্কারে রাসেলের স্টাম্প ভেঙে দেন তিনি। কিন্তু আগের বলটি নো-বল হওয়ায় সেটি ফ্রি হিট ছিল। ফলে বল স্টাম্পে আঘাত করলেও আউট হননি রাসেল। তাতে উইকেটশূন্যই থাকতে হয় মুস্তাফিজকে।
দুবাইয়ের হয়ে বল হাতে দুশমান্থা চামিরা ও নুর আহমাদ দুটি করে উইকেট নেন। শেষদিকে কারিম জানাত মাত্র ৮ রান খরচায় গুলবাদিন নাইব ও আন্দ্রে রাসেলকে ফিরিয়ে দেন।