চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবাও উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ইউটিউবের ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তা নিয়ে ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন আকিব।
রোববার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এসব তথ্য জানায়।
পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন একটি সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আকিব। এ সময় পুলিশের একটি মোবাইল টিম তাঁকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আকিব হাটহাজারীর কুয়াইশ এলাকায় সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তাঁর ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। এরপর চান্দগাঁও থানা-পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়। সেখান থেকে একটি ইয়াবা তৈরির মেশিনসহ বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মেশিনটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আকিব জানান, ইউটিউবের ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে একটি মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।