যশোরের শার্শায় বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত মেসার্স মহাসিন সাইকেল স্টোরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক শেখ মহাসিন কবির সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়ার ফুলতলা পট্টিতে অবস্থিত মহাসিন সাইকেল স্টোরে চোরাই ব্যাটারি বিক্রির খবর পায় তারা। এর পরিপ্রেক্ষিতে এসআই মোস্তাকের নেতৃত্বে পুলিশের একটি দল দোকানটিতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫৯টি লিথিয়াম ব্যাটারি, ১৭টি লিথিয়াম ব্যাটারির সার্কিট বোর্ড, ১৫টি খোলা সার্কিট, স্টিলের শিট দিয়ে তৈরি ১৪টি বক্স এবং লিথিয়াম ব্যাটারির চারটি বক্স উদ্ধার করা হয়।
পরে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে দোকানমালিক শেখ মহাসিন কবিরকে আটক করে পুলিশ। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।
অন্যদিকে, একই দিন সাতক্ষীরার কলারোয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কিসমত ইলিশপুর গ্রামে শেখ মহাসিন কবিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আরও ১৩টি লিথিয়াম ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয় বলে জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ভোরের ডাককে জানান, জব্দ করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার (২২ নভেম্বর) দুপুরে তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।